সব সংবাদ
জাতীয়

মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় দুইদিনের সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশে রওনা হয়েছেন। প্রথমে তিনি দালিয়ানে যাবেন, সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেবেন। এরপর বেইজিংয়ে গিয়ে রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।

মালয়েশিয়ায় দুইদিনের সফর শেষে চীনের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তিনি দালিয়ান শহরের উদ্দেশে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

দালিয়ানে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেবেন এবং দুইদিন কর্মব্যস্ত কর্মসূচিতে থাকবেন। এরপর তিনি চীনের রাজধানী বেইজিং যাবেন, সেখানে চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায় কমপ্লেক্সে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় কুয়ালালামপুরে বাংলাদেশের হাই কমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাই কমিশনার শাহানারা মলিকা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল রবিবার দুই দিনের সফরে প্রধানমন্ত্রী মালয়েশিয়া পৌঁছেছিলেন। এটি ছিল তার প্রথম বিদেশ সফর। গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে তার দীর্ঘ বৈঠক হয়েছে।