সব সংবাদ
স্বাস্থ্য

বরিশালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে নগর ভবনে জরুরি সভা

বরিশাল মহানগরীতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত অন্ধত্ব রোধে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে নগর ভবনে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০টি ওয়ার্ডের মাধ্যমে প্রায় ৫৯ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২২ জুন ২০২৬ তারিখে বরিশাল মহানগরীতে সারা দেশের সাথে সমন্বয় করে 'ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন' পালন করার লক্ষ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উদ্দেশ্যে সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিনের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাম্পেইন সফল করার জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

এই ক্যাম্পেইনের আওতায় বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের ২২০টি অস্থায়ী এবং ১৪টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৮,৯৫০ শিশুকে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৫০ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং অপুষ্টিজনিত অন্ধত্ব রোধ করা সম্ভব হবে।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডা. লোকমান হাকিম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক মিজ নিলুফা ইয়াসমীন, ইউনিসেফের আঞ্চলিক প্রধান মো. কাওসার হোসাইন, সিভিল সার্জন ডা. মঞ্জুর-ই-এলাহী, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. নুরুল ইসলাম এবং সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মঞ্জুরুল ইসলাম শুভ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় সবার সহযোগিতা কামনা করেন নগর প্রশাসক বিলকিস জাহান শিরিন।