সব সংবাদ
শিক্ষা

বাকৃবিতে কৃষিপণ্য রপ্তানি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলু, আম ও সবজি রপ্তানিকারকদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিএডিসির অর্থায়নে আয়োজিত এই কর্মশালায় ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আলু, আম এবং সবজি রপ্তানিকারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের আয়োজনে এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অর্থায়নে 'ক্যাপাসিটি বিল্ডিং, গ্রুপ ফরমেশন এন্ড এনহ্যান্সিং অফ পটেটো, ম্যাঙ্গো অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্টার' শীর্ষক এই তিন দিনব্যাপী কর্মশালায় ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

২২ জুন সোমবার সকাল ১০ টায় সীড প্যাথলজি সেন্টারের প্রশিক্ষণ কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া কৃষি অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, বিএডিসি গবেষণা সেলের প্রধান সমন্বয়কসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এই প্রশিক্ষণের বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে সততা এবং পণ্যের মান বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা ব্যবসায় সফল হবেন এবং দেশের ভালো মানের পণ্য বিদেশে রপ্তানি করে দেশের সুনাম বৃদ্ধি করবেন।