সব সংবাদ
অন্যান্য

৭৪ বছর পর বেসরকারি খাতে যাচ্ছে ক্রিসেন্ট জুট মিল

খুলনার খালিশপুরে অবস্থিত এশিয়ার বৃহত্তম পাটকল ক্রিসেন্ট জুট মিল ৭৪ বছর পর বেসরকারি ব্যবস্থাপনায় হস্তান্তর হতে যাচ্ছে। আগামী আগস্টে মাহাবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ৩০ বছরের জন্য মিলটি লিজ নেবে।

খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী ক্রিসেন্ট জুট মিল ৭৪ বছর পর সরকারি ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে যাচ্ছে। গত বছরের ১৬ জুন সরকার, বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) এবং মাহাবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় আগামী আগস্ট নাগাদ মিলটি ৩০ বছরের জন্য লিজগ্রহীতা মাহাবুব গ্রুপের কাছে হস্তান্তর করা হবে। ভূমি ও স্থাপনার মালিকানা সরকারের অধীনে থাকবে।

চুক্তি অনুযায়ী, লিজগ্রহীতা প্রতি মাসে ৫০ লাখ টাকা ভাড়া পরিশোধ করবে। তবে প্রথম ৩৬ মাস কোনো ভাড়া দিতে হবে না। ইতোমধ্যে লিজগ্রহীতা প্রতিষ্ঠান সরকারি কোষাগারে ১৮ কোটি টাকা জামানত জমা দিয়েছে।

মিলের মহাব্যবস্থাপক খান মো. কামরুল ইসলাম জানান, উৎপাদনহীন ও দীর্ঘদিন লোকসানে থাকা মিলটির অস্তিত্ব রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সালের ১ জুলাই উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছিল। লিজগ্রহীতার দাবি, মিল চালু হলে প্রতি বছর প্রায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।

১৯৫৪ সালের ১ অক্টোবর ভৈরব নদের তীরে খালিশপুর শিল্পাঞ্চলের ১১৩ একর জমিতে মিলটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন ইস্ট পাকিস্তান শিল্প উন্নয়ন করপোরেশনের উদ্যোগে এটি এশিয়ার বৃহত্তম পাটকল হিসেবে গড়ে ওঠে।