অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ ঘোষণা
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন নিয়ে আসছেন। চোটের কারণে গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রাম দিয়ে তার জায়গায় নাহুয়েল মোলিনাকে শুরু থেকেই মাঠে নামানো হবে। আজ রাত ১১টায় ডালাসে অনুষ্ঠিত ম্যাচে জয় পেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি অস্ট্রিয়ার বিপক্ষে তার দল সাজাতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছেন। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয় পাওয়ার পর এবার আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে। আজ সোমবার (২২ জুন ২০২৬) ডালাসে বাংলাদেশ সময় রাত ১১টায় এই ম্যাচ শুরু হবে এবং জয় পেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে স্কালোনির দলের।
প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরও একাদশে একটি পরিবর্তন আনতে যাচ্ছেন স্কালোনি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গঞ্জালো মন্টিয়েলকে আজ বিশ্রাম দেওয়া হচ্ছে। তার জায়গায় নাহুয়েল মোলিনা শুরু থেকেই মাঠে নামবেন।
এ ছাড়া আরও কয়েকটি পজিশন নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত প্রথম ম্যাচের একাদশই প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। গোড়ালির চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন হুলিয়ান আলভারেজ। লাউতারো মার্টিনেজের জায়গায় শুরুর একাদশে সুযোগ পেতে পারেন বলে আলোচনা থাকলেও ম্যাচ ফিটনেসে কিছুটা পিছিয়ে থাকায় আপাতত লাউতারোর ওপরই আস্থা রাখছেন কোচ।
মিডফিল্ড-আক্রমণভাগে থিয়াগো আলমাদার জায়গা নিয়ে নিকোলাস গঞ্জালেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আলমাদাই এগিয়ে আছেন। বা প্রান্তে ফাকুন্দো মেদিনাই খেলবেন। চোট থেকে সেরে উঠলেও নিকোলাস তাগলিয়াফিকোকে ঝুঁকি নিয়ে শুরু থেকেই নামাতে চাইছে না আর্জেন্টিনা।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে রয়েছেন: গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা বা তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেস বা থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্টিনেজ এবং অধিনায়ক লিওনেল মেসি। দলটি ৪-৩-৩ অথবা ৪-৪-২ ফরমেশনে মাঠে নামবে।