মালয়েশিয়া থেকে বিনিয়োগ আকর্ষণে কূটনৈতিক তৎপরতা
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে দেশটির পাঁচটি বড় কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকের মূল লক্ষ্য বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধি করা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দেশটির পাঁচটি শীর্ষ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুয়ালা লামপুরের সাংগ্রি-লা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতির জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই হচ্ছে এবং ডি-রেগুলেশনের মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা হচ্ছে। মালয়েশিয়া বাংলাদেশের বড় বিনিয়োগকারী দেশগুলোর একটি। বৈঠকে যে পাঁচটি মালয়েশিয়ান কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন তারা হলেন পেট্রোনাস গ্রুপ, আজিয়াটা, এয়ারএশিয়া, পেরোদুয়া এবং এম ফোর্সের শীর্ষ কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন আরও জানান, বাংলাদেশে বড় বাজার রয়েছে এবং ভোক্তা চাহিদা পূরণের সুযোগ রয়েছে। এছাড়াও দেশের বিশাল জনসংখ্যা এবং কর্মসংস্থানের সুযোগ বিনিয়োগকারীদের আকর্ষণ করতে সহায়ক হবে। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং মালয়েশিয়ার ডেপুটি হাই কমিশার শাহানারা মলিকা উপস্থিত ছিলেন।