সব সংবাদ
জাতীয়

নিখোঁজের দুই দিন পর পুকুরে ভাসল স্কুলছাত্রীর লাশ

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক স্কুলছাত্রীর লাশ উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ভাসতে দেখা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর সেঁজুতি (৮) নামের এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সেঁজুতি সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী ফালু চন্দ্রের মেয়ে। সে স্থানীয় শিশুকানন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে বাড়ির পাশে উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে সেঁজুতি আর ঘরে ফেরেনি। পরিবার তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পায়নি। একই দিনে তার বাবা সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং তদন্ত চলছে।