আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর এবং আরও দুটি জেলায় সেনা সদস্য মোতায়েন থাকবে। কার্যক্রম নিষিদ্ধ কিছু গোষ্ঠীর অপতৎপরতা লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন তিনি।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ৩০ জুন পর্যন্ত দেশের ছয়টি জেলায় সেনা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর এবং এই চারটির বাইরে আরও দুটি জেলায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। ইন এইড টু সিভিল পাওয়ার আইনের আওতায় এই মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ কিছু সংগঠনের অপতৎপরতা লক্ষ করা যাচ্ছে। বিভিন্ন জেলায় তারা মিছিল-মিটিং করার কার্যক্রম হাতে নিয়েছে। তারা যাতে কোনো অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সেই বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কোন কোন জায়গায় তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। গত ১৫ তারিখ সারা বাংলাদেশ থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দেড় বছর মাঠে থাকা সেনাদের নির্বাচিত সরকার আসার পর যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে যে মোতায়েন করা হচ্ছে, তা ওই পরিস্থিতির সাথে সম্পর্কিত নয়। এছাড়াও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের ছেলেকে জিজ্ঞাসাবাদের বিষয়েও সাংবাদিকরা প্রশ্ন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ ছিল তার বিরুদ্ধে, তাই জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রয়োজনে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।