মনপুরায় বিএনপি অফিসে জুয়ার আসর! ভাইরাল ভিডিওতে তোলপাড়
ভোলার মনপুরায় বিএনপি অফিসে জুয়ার আসর বসানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় ব্যাপক সমালোচনা হয়েছে এবং পুলিশ অফিসটি বন্ধ করে দিয়েছে।
ভোলার মনপুরায় বিএনপি অফিসে জুয়ার আসর বসানোর ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দবাজারের ওই অফিসে দুই গ্রুপে বসে জুয়া খেলতে দেখা গেছে। ভিডিওতে চেয়ার-টেবিলে বসে এক গ্রুপ এবং অন্য গ্রুপ গোল হয়ে খেলতে দেখা যায়। এ সময় তাদের মধ্যে টাকা নিয়ে তর্ক-বিতর্ক চলছিল।
গত কয়েকদিন ধরে এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক সমালোচনা ও তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন থানা প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পরে পুলিশ গিয়ে ওই অফিসটি বন্ধ করে দেয়।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক শামসুদ্দিন দোকান ঘরটি ভাড়া নিয়ে বিএনপি অফিস খুলেছিলেন। তাকে এলাকায় কোবা শামসু নামে পরিচিত। তার নেতৃত্বে গত ঈদুল আজহা থেকে কিছুদিন ধরে ওই অফিসে জুয়ার আসর চলে। পরে পুলিশ অফিসটি বন্ধ করলে ওই শ্রমিকদল নেতা পলাতক রয়েছেন।
এদিকে বিএনপির নেতারা দাবি করেছেন, এটি বিএনপির অফিস নয়, এটি শামসুদ্দিন নিজে ভাড়া নিয়ে ক্লাব করেছেন। মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন জানান, এটি ক্লাব এবং এমপি সাহেবের হস্তক্ষেপে পুলিশ ক্লাবটি বন্ধ করে দিয়েছে।
মনপুরা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, এমপি সাহেবের নির্দেশে পুলিশ ক্লাবটি বন্ধ করে দিয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।