চট্টগ্রাম বন্দরের বিশাল ক্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে একটি বিশাল গ্যান্ট্রি ক্রেনে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ক্ষতির খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দক্ষিণ এলাকায় সোমবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। বন্দর কর্তৃপক্ষের সচিব (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আগুনের ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এনসিটি চট্টগ্রাম বন্দরের বর্তমানে সবচেয়ে বড় টার্মিনাল, যা প্রায় এক কিলোমিটার লম্বা এবং একসঙ্গে পাঁচটি জাহাজ ভেড়ানো যায়। ২০০৭ সালে ৭০০ কোটি টাকা খরচে এই টার্মিনাল নির্মাণ করা হয়েছিল এবং পরবর্তীতে আরও ১২০০ কোটি টাকা খরচে আধুনিক ইকুইপমেন্ট স্থাপন করা হয়েছে।