গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রোখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুরে সেনা মোতায়েন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার (২২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং সরকার সবসময় সতর্ক আছে। তিনি বলেন, সভা-সমাবেশ করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার, যা গণতন্ত্রের বিকাশে সহায়ক।
এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে একটি চিঠি জারি করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
এই পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, গাজীপুর মেট্রোপলিটন, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে আজ থেকে ৩০ জুন পর্যন্ত 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।