আসিয়ানের সঙ্ঘে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে আগ্রহী বাংলাদেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরকালে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে আরসিইপিতে যোগদানেরও আগ্রহ দেখিয়েছে ঢাকা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। সংস্থাটির আঞ্চলিক অর্থনৈতিক জোট ‘রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)’-এ যোগ দেওয়ার আগ্রহও দেখিয়েছে ঢাকা। ২২ জুন ২০২৬ তারিখে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাক্ষাতের পর যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। বাংলাদেশ আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় জানিয়ে তারেক রহমান বলেন, তারা আঞ্চলিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রত্যাশা করে। একই সঙ্গে আরসিইপিতে যোগদানে আগ্রহী বলেও জানান তিনি। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আসিয়ানের সদস্য হতে বেশ কয়েকবার আগ্রহ প্রকাশ করেন এবং মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের সহযোগিতা চেয়েছিলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর ও দ্বিপক্ষীয় দলিল বিনিময় হয়। সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে একটি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ ও মালয়েশিয়া। এছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে দুটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করেছে দুই দেশ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের চার মাস পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে সোমবার তার চীনে যাওয়ার কথা রয়েছে। তার সঙ্গে সহধর্মিণী জুবাইদা রহমান রয়েছেন।