সব সংবাদ
জাতীয়

পি কে হালদারের সহযোগী অভিজিত ধৃত, দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড

আলোচিত অর্থলোপাটকারী পি কে হালদারের সহযোগী ও সুখাদা প্রোপার্টিজ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অভিজিৎ অধিকারীকে দুর্নীতির মামলায় পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে এক কোটি ৩৫ লাখ টাকার অর্থদণ্ডও করা হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মুহা. হাসানুজ্জামান সোমবার (২২ জুন) এই রায় ঘোষণা করেন। অভিজিৎ অধিকারীর বিরুদ্ধে দুটি অভিযোগে সাজা দেওয়া হয়েছে - সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুই বছর এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড। দুই ধারার সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হবে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রাজিব দে।

এই মামলায় আসামি মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ২০২৩ সালের ৬ মার্চ দুদকের সহকারী পরিচালক মানসী বিশ্বাস বাদী হয়ে এ মামলা করেন। তার বিরুদ্ধে এক কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ ভোগ দখলের অভিযোগ আনা হয়। তদন্ত শেষে ২০২৪ সালের ৫ মে দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন অভিযোগপত্র জমা দেন। ২০২৫ সালের ১৩ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেননি।