বিউফোর্ট দুর্গ থেকে সেনা সরাচ্ছে না ইসরাইল
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, দক্ষিণ লেবাননের বিউফোর্ট দুর্গ থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই। এটিকে ইসরাইলের উত্তর সীমান্তবর্তী নিরাপত্তা অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ স্পষ্ট করে বলেছেন, লেবাননের বিউফোর্ট (শাকিফ) দুর্গ থেকে সেনা সরানোর কোনো ইচ্ছা তাদের নেই। এই দুর্গটি লেবাননে ইসরাইলের নিরাপত্তা অঞ্চলের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন তিনি। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই কৌশলগত অবস্থান উত্তর ইসরাইলের বসতিগুলোর নিরাপত্তা এবং সেখানে মোতায়েন ইসরাইলি বাহিনীর সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাবাহিনী যতদিন প্রয়োজন ততদিন অবস্থান করবে। একই সঙ্গে তিনি ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে ইসরাইলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এর আগে শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও শনিবার ইসরাইলি হামলায় লেবাননে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। হিজবুল্লাহর এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইল যুদ্ধবিরতি মেনে চললে তারাও তা মেনে চলবে। তবে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অবাধ চলাচলের কোনো অধিকার নেই।