সব সংবাদ
রাজনীতি

হাসানুল হক ইনুর মানবতাবিরোধী মামলার রায় ৩০ জুন

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ৩০ জুন রায় ঘোষণা করবে।

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিচারের রায়ের তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ আগামী ৩০ জুন এই রায় ঘোষণার দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ফারুক আহমেদ। অপরদিকে, হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন মনসুরুল হক চৌধুরী। এই মামলায় ইনুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথোপকথনের মাধ্যমে তিনি কমান্ড রেসপন্সিবিলিটি গ্রহণ করেছিলেন এবং কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে। গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে আটক রয়েছেন।