সব সংবাদ
জাতীয়

ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত সরকারের

সরকার ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রাম—এই ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় সেনা সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২২ জুন) এই সিদ্ধান্তের কথা জানায়। নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। এর ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মেট্রোপলিটন এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।