সব সংবাদ
ভ্রমণ

একটু বৃষ্টিতেই ডুবছে কক্সবাজার, জলাবদ্ধতায় অসহনীয় ভোগান্তি

মাঝারি বর্ষণে কক্সবাজার পৌর শহর আবারও জলাবদ্ধতায় তলিয়ে গেছে। রোববার সন্ধ্যার পর তীব্র বৃষ্টিতে শহরের প্রধান সড়ক, হোটেল-মোটেল জোন, বার্মিজ মার্কেটসহ বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে যায়।

কক্সবাজার পৌর শহরে রোববার (২১ জুন) সন্ধ্যার পর এক ঘণ্টার মতো টানা বৃষ্টি এবং মধরাতে আবার বৃষ্টি হওয়ায় শহরের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কলাতলী, সুগন্ধা, হোটেল-মোটেল জোন, সাংস্কৃতিক কেন্দ্র, বার্মিজ মার্কেট, বিজিবি ক্যাম্প, উপজেলা বাজারসহ প্রধান সড়কগুলো হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পর্যটকেরা। প্রধান সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অনেক পর্যটক হোটেলে আটকে পড়েন। কেউ কেউ সমুদ্রসৈকত থেকে ফিরতে গিয়ে দুর্ভোগে পড়েছেন। বাসাবাড়িতেও পানি প্রবেশের ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, খাল-নালা দখল, অপরিকল্পিত নির্মাণ ও নিয়মিত পরিষ্কারের অভাবে এই সমস্যা দীর্ঘদিনের। তারা দাবি করেছেন, ড্রেনেজ সংস্কার ও খাল-দখলমুক্ত করতে হবে। কক্সবাজার পৌরসভার প্রশাসক মো. শামীম আল ইমরান জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে।