বিএনপির ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির স্থায়ী কমিটিতে মনোনীত
বিএনপির প্রতিনিধি হিসেবে আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। আগামী জুনে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য ৪৫তম স্থায়ী কমিটির সভায় তিনি বিএনপির প্রতিনিধিত্ব করবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক রাজনৈতিক দলগুলোর একটি গুরুত্বপূর্ণ ফোরাম — ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ। আজ ২২ জুন ২০২৬ তারিখে আইসিএপিপির মহাসচিব এক ই-মেইল বার্তার মাধ্যমে এ তথ্য জানান। এর আগে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে মো. ইসমাইল জবিউল্লাহর নাম প্রস্তাব করেন। আগামী ২৫ থেকে ২৮ জুন ২০২৬ পর্যন্ত মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিতব্য আইসিএপিপির ৪৫তম স্থায়ী কমিটির সভায় মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বিএনপির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন। এ সভায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়া জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন। এটি বিএনপির আন্তর্জাতিক রাজনৈতিক সম্পৃক্ততার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে এশিয়ার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির যোগাযোগ, সহযোগিতা এবং বহুপাক্ষিক সংলাপে অংশগ্রহণের ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, আইসিএপিপি ২০০০ সালে প্রতিষ্ঠিত এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম।