ইসলামী ব্যাংকের পর্ষদ গঠনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, বাংলাদেশ ব্যাংকের সামনে গ্রাহকদের অবস্থান
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৎ ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আল্টিমেটাম দিয়েছে। সোমবার (২২ জুন) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ার থেকে মিছিল নিয়ে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কয়েকশ গ্রাহক। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, খুব শিগগিরই একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হবে।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যাংকটিতে সৎ ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আল্টিমেটাম দিয়েছে। সোমবার (২২ জুন ২০২৬) সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ফোরামের সভাপতি অধ্যাপক নুর-উন-নবি মানিক। সাত দফা দাবিতে আয়োজিত এই কর্মসূচি থেকে ব্যাংকটির শৃঙ্খলা ফেরাতে কঠোর হুঁশিয়ারি দেন গ্রাহকরা। এর আগে, বেলা ১১টায় রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হন কয়েকশ গ্রাহক। সেখান থেকে তারা মিছিল নিয়ে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। গ্রাহক ফোরামের সভাপতি নুর-উন-নবি মানিক বলেন, সৎ, দক্ষ এবং ইসলামী অর্থনীতি সম্পর্কে জ্ঞান রাখেন, এমন ব্যক্তিদের মাধ্যমেই ব্যাংকটির পূর্ণাঙ্গ পর্ষদ গঠন করতে হবে। তিনি আরও বলেন, বিগত সময়ে নিয়মবহির্ভূতভাবে যারা নিয়োগ পেয়েছিল কিংবা অনিয়মের সঙ্গে জড়িত ছিল, তাদের যেন কোনোভাবেই ব্যাংকে পুনর্বহাল করা না হয়। আমানতকারীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংককে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এদিকে, গ্রাহকদের এই আন্দোলনের মুখে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, খুব শিগগিরই পেশাদার ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের জন্য একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হবে।