মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে আশা
মালয়েশিয়া ও বাংলাদেশ যৌথভাবে মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকটের আংশিক সমাধান করবে বলে ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রাজায়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ এবং মালয়েশিয়ায় থাকা রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানের চেষ্টা করবে দুই দেশ। একইসঙ্গে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কার্যালয় এবং আসিয়ানের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে। সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। যৌথ বিবৃতিতে দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুই নেতাই। জোর করে তাড়িয়ে দেওয়া রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ যে মানবিক কাজ করেছে তার প্রশংসা করার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানের সঙ্গে নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোই এ সংকটের একমাত্র সমাধান বলে মালয়েশিয়া নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশ আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রত্যাশা করে এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি)-এ যোগদানে আগ্রহী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের চার মাস পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।