সব সংবাদ
খেলা

অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দাপুটে জয় তুলেছিল আর্জেন্টিনা। এবার দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ডালাসে অনুষ্ঠিত এই ম্যাচ জিতলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার। তবে চোটের কারণে একাদশে একটি পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ স্কালোনি।

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে দারুণ এক জয় দিয়ে। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। এখন তাদের সামনে দ্বিতীয় প্রতিপক্ষ অস্ট্রিয়া। আজ ডালাসে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে জয় পেলে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে পা রাখবে, যা তাদের জন্য বড় সাফল্য।

প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও একাদশে একটি পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গঞ্জালো মন্টিয়েলকে আজ বিশ্রাম দেওয়া হচ্ছে। তার জায়গায় শুরু থেকেই খেলবেন নাহুয়েল মোলিনা। অন্যান্য পজিশন নিয়ে কিছু আলোচনা থাকলেও প্রথম ম্যাচের বিজয়ী একাদশই প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি।

গোড়ালির চোট সেরে আলজেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন হুলিয়ান আলভারেজ। লাউতারো মার্টিনেজের জায়গায় তাকে শুরুর একাদশে রাখার আলোচনা থাকলেও ফিটনেসে কিছুটা পিছিয়ে থাকায় আপাতত লাউতারোর ওপরই আস্থা রাখছেন স্কালোনি। মিডফিল্ড-আক্রমণভাগে থিয়াগো আলমাদার সঙ্গে নিকোলাস গঞ্জালেসের প্রতিদ্বন্দ্বিতা চলছে, তবে আলমাদাই এগিয়ে আছেন। বাঁ প্রান্তে ফাকুন্দো মেদিনা খেলবেন। চোট থেকে সেরে উঠলেও নিকোলাস তাগলিয়াফিকোকে শুরু থেকে নামাতে চাইছে না কোচিং স্টাফ; দ্বিতীয়ার্ধে তাকে দেখা যেতে পারে। লিয়ান্দ্রো পারেদেসকেও ম্যাচে কিছু সময়ের জন্য নামানো হতে পারে।

সম্ভাব্য একাদশে থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা (রক্ষণভাগ), রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (মিডফিল্ড), থিয়াগো আলমাদা বা নিকোলাস গঞ্জালেস (আক্রমণভাগ), এবং সামনে লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।