সব সংবাদ
জাতীয়

ফরিদপুরের মধুখালীতে সশস্ত্র ডাকাতি, হাজী বাড়ি থেকে ৫ লাখ টাকা লুট

ফরিদপুরের মধুখালী উপজেলায় এক হাজীর বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ১৩-১৪ জনের সশস্ত্র ডাকাত দল রোববার দিবাগত রাতে ওই বাড়িতে হামলা করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও কাপড়চোপড়সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ফরিদপুরের মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামের এক হাজী বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দলের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে রোববার (২১ জুন) দিবাগত রাতে এবং সোমবার (২২ জুন ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে। ভুক্তভোগী পরিবারের মালিক মো. খাইরুল ইসলাম মোল্লা (৫৪), পিতা-মৃত হাজী সেকেন্দার আলী প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে দরজায় শব্দ শুনে তিনি ও তার স্ত্রী দরজার কাছে গেলে ১৩ থেকে ১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা খাইরুল ইসলামের ১৫ বছর বয়সী ছেলে মাহিকে হাত-পা বেঁধে ফেলে। একই সঙ্গে খাইরুল ইসলাম ও তার স্ত্রীকেও হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে ডাকাত দল ঘরে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার এবং নতুন কাপড়চোপড়সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর তন্ময় মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মধুখালী থানার ওসি সুকদেব রায় ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি তদারকি করেন। ওসি সুকদেব রায় জানান, ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুরো এলাকাজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা জোরদার করাসহ দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।