কর্ণফুলীতে চালু হলো অ্যাম্বুলেন্স সেবা, ভাড়া মাত্র ৩৫০ টাকা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স সেবা চালু হয়েছে। জাইকার অর্থায়নে সরবরাহকৃত এই অ্যাম্বুলেন্সে মাত্র ৩৫০ টাকা ভাড়ায় রোগীরা উন্নত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যাতায়াত করতে পারবেন।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর অর্থায়নে এই অ্যাম্বুলেন্সটি সরবরাহ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তরের পর চালক নিয়োগ, জ্বালানি বরাদ্দসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
সরকার নির্ধারিত ইউজার ফি হিসেবে মাত্র ৩৫০ টাকা পরিশোধ করে রোগীরা এই অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা রোগীদের বিভিন্ন সরকারি হাসপাতালে দ্রুত ও নিরাপদে স্থানান্তরের ক্ষেত্রে এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা জানিয়েছেন, সরকারি নীতিমালা অনুযায়ী অ্যাম্বুলেন্সটি মূলত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার হওয়া রোগীদের পরিবহনের কাজে ব্যবহৃত হবে। এজন্য রোগীকে প্রথমে হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক অন্য সরকারি হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন মনে করলে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হবে।
বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব ভবনের সংস্কার কাজ চলমান থাকায় অস্থায়ী কার্যালয় থেকে বহির্বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত অ্যাম্বুলেন্স সেবা চালু থাকবে এবং ভবিষ্যতে সেবার পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ বা প্রয়োজনীয় তথ্য জানতে চালক আবসারের মোবাইল নম্বর ০১৮৭৫-৫৬০৮৭৯-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।