গাজীপুরে খোলা ড্রেনে পড়ে তরুণীর মৃত্যু, পরিবারের সন্ধানে পুলিশ
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় খোলা ড্রেনে পড়ে নাজমা খাতুন (২৬) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। পুলিশ তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছে।
গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় খোলা ড্রেনে পড়ে নাজমা খাতুন (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বজনদের খুঁজে বের করা চেষ্টা চলছে। নাজমা খাতুন সাতক্ষীরার বলাডাঙ্গা এলাকার আব্দুল বারীর মেয়ে। গাজীপুরে তার কোনো নিকটাত্মীয় না পাওয়ায় বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশকে অবহিত করা হয়েছে। স্বজনদের খোঁজ না মেলায় ওই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে বিআরটি প্রকল্পের একটি ড্রেনের স্ল্যাব তোলা ছিল। বিকেলে ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতার কারণে ড্রেন বোঝা যাচ্ছিল না। নাজমা খোলা ড্রেনে পড়ে যান এবং প্রবল স্রোতে তলিয়ে যান। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৪০ মিনিট পর মরদেহ উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে তার মরদেহ পাওয়া যায়। উল্লেখ্য, গত বছর ২৭ জুলাই রাতে গাজীপুরের টঙ্গীতেও একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে। খোলা ড্রেনে পড়ে ফারিয়া তাসনিম নামে এক নারী নিখোঁজ হয়েছিলেন। ফায়ার সার্ভিস কর্মীরা তিন দিন পর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে।