১৯ কোটি টাকায় নির্মিত সেতু ব্যবহার অনুপযোগী, ঝুঁকি নিয়ে চলাচল করছে গ্রামবাসী
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ধাত্রী নদীর ওপর প্রায় ১৯ কোটি টাকায় নির্মিত একটি সেতু সংযোগ সড়কের অভাবে পুরোপুরি অকেজো হয়ে পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, সেতুর একপাশে সড়ক না থাকায় তারা বালু ফেলে অস্থায়ী সিঁড়ি বানিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজার সংলগ্ন ধাত্রী নদীর ওপর নির্মিত সেতুটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর কোনো সংযোগ সড়ক নেই। সরেজমিনে দেখা গেছে, সেতুর এক পাশে সংযোগ সড়ক থাকলেও অপর পাশে কোনো সড়কই তৈরি করা হয়নি। ফলে পাইটালবাড়ী ও বরকুলসহ অন্তত পাঁচটি গ্রামের প্রায় ৫০০ পরিবারের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়রা বাধ্য হয়ে বালু ফেলে এক ধরনের অস্থায়ী সিঁড়ি তৈরি করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এলাকার বাসিন্দা সাজেদা খাতুন বলেন, ১৯ কোটি টাকা খরচ করে সেতু বানানো হয়েছে, কিন্তু তারা কোনো সুবিধা পাচ্ছেন না। তার মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গেছে বলে তিনি উঠানামা করতে পারেন না। সওজ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল আলম জানান, ভূমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ ইতোমধ্যে ভূমি অফিসে জমা দেওয়া হয়েছে। কিন্তু কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে জমির মালিকরা এখনো ক্ষতিপূরণের টাকা তুলতে পারেননি। এই জটিলতা কেটে গেলেই সংযোগ সড়ক নির্মাণের কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে। জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, আশা করছি দ্রুতই এই জটিলতার সমাধান হবে এবং সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে।