বঙ্গোপসাগরে জ্বালানির সন্ধান নিশ্চিত, উত্তোলনে সরকারের সিদ্ধান্ত
নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, বাংলাদেশের সমুদ্রসীমায় জ্বালানির মজুদ রয়েছে। বিগত সরকারের নীতিগত ব্যর্থতার কারণে দেশ এই সম্পদ থেকে উপকৃত হতে পারেনি। বর্তমান সরকার অফশোর এলাকায় কূপ অনুসন্ধান ও খনিজ সম্পদ উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশের সমুদ্রসীমায় জ্বালানির মজুদ রয়েছে বলে নিশ্চিত করেছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তবে বিগত সরকারের নীতির কারণে দেশের মানুষ এই সম্পদের সুফল ভোগ করতে পারেনি বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার রাজধানী ঢাকায় বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, বর্তমান সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে অফশোরগুলোতে কূপ অনুসন্ধান, খনিজ সম্পদ চিহ্নিতকরণ এবং পরবর্তীতে উত্তোলনের। মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ বিস্তীর্ণ সমুদ্রাঞ্চল পেয়েছিল, কিন্তু প্রতিযোগী রাষ্ট্র ভারত ও মিয়ানমার সেখানে অনুসন্ধান করে প্রাকৃতিক সম্পদ উত্তোলন করলেও বাংলাদেশ তা করতে পারেনি।
এ সময় তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক। দেশে প্রায় ১৬ হাজার কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথ রয়েছে। হাইড্রোগ্রাফি বিভাগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান মন্ত্রী।