ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ নেতানিয়াহু, জরিপে ৫৬% ইসরাইলির অভিমত
হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের এক জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ব্যর্থ মনে করেন ৫৬ দশমিক ৪ শতাংশ ইসরাইলি। জরিপে আরও উঠে এসেছে, ৯২ দশমিক ১ শতাংশ মানুষ মনে করেন ইরান এই যুদ্ধে জয়ী হয়েছে।
হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম গত ১৭ থেকে ২০ জুনের মধ্যে ৩ হাজার ৬৪৪ জন অংশগ্রহণকারীর ওপর একটি জরিপ পরিচালনা করে। জরিপের ফলাফলে দেখা গেছে, ৫৬ দশমিক ৪ শতাংশ মানুষ নেতানিয়াহুর পারফরম্যান্সকে 'ব্যর্থ' বা 'খারাপ' হিসেবে মূল্যায়ন করেছেন। মাত্র ২৬ দশমিক ৫ শতাংশ তাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। এছাড়া ৭২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী নেতানিয়াহুর এই দাবির সাথে একমত নন যে, ইসরাইল 'উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে'। জরিপে আরও দেখা যায়, ৯২ দশমিক ১ শতাংশ মানুষ মনে করেন ইরান এই যুদ্ধে জয়ী হয়েছে এবং ৮২ দশমিক ৯ শতাংশ মনে করেন এই সংঘাত ইসরাইলের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে দুর্বল করেছে। ৮৭ দশমিক ৮ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন ইসরাইল তাদের ঘোষিত লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারেনি। নেতানিয়াহুর জনপ্রিয়তাও কমেছে। মার্চে যেখানে ৪০ দশমিক ৫ শতাংশ মানুষ তাকে প্রধানমন্ত্রীর পছন্দ হিসেবে সমর্থন করেছিল, জুনে তা কমে ২৯ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। অন্যদিকে, ৪৮ দশমিক ২ শতাংশ মানুষ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পক্ষে মত দিয়েছেন। ইসরাইল ও যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। পরে ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর বুধবার তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যেখানে সংঘাত বন্ধ করা, হরমুজ প্রণালি পুনরায় খোলা এবং ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।