ড্রেসিংরুমে কৃতজ্ঞতার চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি হাতে লেখা চিঠি রেখে গেছে ইরান ফুটবল দল। মার্কিন নিয়ম অনুসারে খেলার পরই তাদের যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোয় যেতে হয়েছে। বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ড্রয়ে নকআউট রাউন্ডের আশা বজায় রেখেছে ইরান।
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি হাতে লেখা চিঠি রেখে গেছে ইরান ফুটবল দল। ইরান ফুটবল ফেডারেশন পরে সেই চিঠির একটি ছবি প্রকাশ করেছে। চিঠিতে লেখা হয়েছে, 'হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের চেতনা জীবন্ত ও অটল রয়েছে। ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে ছেড়ে যাচ্ছি।' সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শান্তির বার্তাও দেওয়া হয়েছে চিঠিতে। এছাড়া লাল কালিতে '৭৬৮' এবং 'মিনাব' উল্লেখ করা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় প্রায় ১৭০ শিশু প্রাণ হারিয়েছিল।
মার্কিন কর্মকর্তাদের বেঁধে দেওয়া নিয়ম অনুসারে খেলার পরই যুক্তরাষ্ট্র ছাড়তে হয় ইরানি ফুটবল দলকে। বিশ্বকাপে তাদের তিনটি ম্যাচ যুক্তরাষ্ট্রে নির্ধারিত হলেও বেসক্যাম্প করছে মেক্সিকোর তিজুয়ানায়। এদিকে, বিশ্বকাপের 'জি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরান মুখোমুখি হয়েছিল বেলজিয়ামের। ইউরোপীয় জায়ান্টদের বিপক্ষে অভিজ্ঞ গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ০-০ গোলে ড্র করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ইরান। টানা দুই ম্যাচ ড্র করে নকআউট রাউন্ডে খেলার আশা টিকিয়ে রেখেছে তারা।