সব সংবাদ
খেলা

নিউইয়র্ক মেট্রোয় কোথায় যান না কেন, গুনতে হবে ৩ ডলার

বিশ্বকাপের সময় নিউইয়র্কে সাংবাদিকদের যাতায়াত ব্যয়বহুল। অন্যান্য আয়োজক দেশের বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা থাকলেও নিউইয়র্কে কোনো বিশেষ সুবিধা নেই। মেট্রো কার্ডের পাঞ্চে যেকোনো দূরত্বে ৩ ডলার কাটা হয়।

ফুটবল বিশ্বকাপ মানেই সাংবাদিকদের জন্য নিরন্তর ছুটে চলা। ম্যাচ কভার, সংবাদ সম্মেলন, আয়োজকদের অনুষ্ঠান — সবকিছুতেই সময়মতো পৌঁছাতে হয়। স্বাগতিক দেশগুলো সাংবাদিক ও সমর্থকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফিফার পরিচয়পত্রধারীদের জন্য স্থানীয় ও আন্তঃশহর ট্রেন ছিল বিনামূল্যে। কাতারের বিশ্বকাপেও সব পরিবহনে যাতায়াত ছিল বিনা খরচে। তবে নিউইয়র্কে এ ধরনের কোনো বিশেষ ব্যবস্থা নেই।

নিউইয়র্ক শহরে মেট্রোয় চলাচলের জন্য 'অমনি' কার্ড প্রয়োজন। এই কার্ডের দাম এক ডলার। কার্ডে রিচার্জ করে নিলে একবার পাঞ্চ করলেই কেটে নেয় তিন ডলার। পরের স্টপেজে নামুন বা বিশটি স্টপেজ পরে যান — দূরত্ব যাই হোক, সমান ৩ ডলারই গুনতে হচ্ছে।

নিউইয়র্কে বাংলাদেশি অনেকে বসবাস করেন জ্যাকসন হাইটস ও জ্যামাইকায়। জ্যাকসন হাইটসের মেট্রো স্টেশনের নাম রুজভেল্ট এভিনিউ। মেট্রো সার্ভিস তুলনামূলক স্বস্তিদায়ক হলেও বাসের জন্য অপেক্ষার সময় বেশ দীর্ঘ। নিউইয়র্ক থেকে নিউজার্সি স্টেডিয়ামে যেতে হলে মেট্রোয় বাস অথরিটি টার্মিনালে যেতে হয়। ভাগ্য সুপ্রসন্ন হলে সঙ্গে সঙ্গেই নিউজার্জি বাস পাওয়া যায়, নাহলে অন্তত আধ ঘণ্টা অপেক্ষা করতে হয়। একটি একমুখী ট্রিপে খরচ পড়ে ৫ ডলার ৩৩ সেন্ট।

বিশ্বকাপ ও বড় টুর্নামেন্টে মিডিয়া শাটলের ব্যবস্থা থাকে, যাতে সাংবাদিকরা হোটেল থেকে স্টেডিয়ামে সহজে যাতায়াত করতে পারেন। নিউইয়র্কে এই সুবিধা শুধু ম্যাচের দিনই পাওয়া যায়। ম্যানহাটনের নির্দিষ্ট হোটেল থেকে নির্দিষ্ট সময়ে বাস সাংবাদিকদের স্টেডিয়ামে নিয়ে যায় এবং খেলা শেষ হওয়ার এক ঘণ্টা পরে ফিরিয়ে দেয়। অন্যান্য দিনে সাংবাদিকদেরও সাধারণ সমর্থকদের মতোই বাস বা ট্রেনে ৩ ডলার খরচ করে যাতায়াত করতে হচ্ছে।