কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-সমর্থিত প্রার্থীর জয়
কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থি প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা অত্যন্ত সামান্য ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থি প্রার্থী ইভান সেপেদা ফলাফল প্রত্যাখ্যান করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থি প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা অত্যন্ত সামান্য ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাথমিক ভোট গণনায় ৯৯ শতাংশের বেশি ফল বিশ্লেষণের পর তাকে এগিয়ে রাখা হয়েছে। এই নির্বাচনী ফল ঘিরে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
প্রাথমিক ফল অনুযায়ী, আবেলার্দো দে লা এসপ্রিয়েলা পেয়েছেন ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থি প্রার্থী ইভান সেপেদা পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট। খুব সামান্য এই ব্যবধানের কারণে চূড়ান্ত ফল ঘোষণার আগেই পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়।
নির্বাচনী ফল ঘোষণার পর বারানকিয়া শহরে হাজারো সমর্থকের সামনে বিজয় উদ্যাপন করেন ডি লা এসপ্রিয়েলা। তিনি বলেন, এটি কলম্বিয়ার জন্য নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা, যেখানে জনগণের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি। তিনি আরও জানান, যারা তাকে ভোট দেননি, তাদেরও তিনি সমানভাবে প্রতিনিধিত্ব করবেন এবং সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।
অন্যদিকে পরাজিত প্রার্থী ইভান সেপেদা ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে বলেন, পূর্ণাঙ্গ যাচাই ও আনুষ্ঠানিক গণনা শেষ না হওয়া পর্যন্ত এই ফলকে চূড়ান্ত হিসেবে ধরা যাবে না। তার এই অবস্থানের কারণে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডি লা এসপ্রিয়েলার বিজয়কে কেন্দ্র করে তার সমর্থকেরা রাস্তায় নেমে উদ্যাপন করেন। জাতীয় পতাকা, ফুটবল দলের জার্সি এবং সংগীতের মাধ্যমে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। কিছু জায়গায় উত্তেজনাও দেখা যায়, যদিও অধিকাংশ এলাকায় পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। তবে কলম্বিয়ার তৃতীয় বৃহত্তম শহর কালীতে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে বিক্ষোভকারীরা মার্কিন পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে।
নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ডি লা এসপ্রিয়েলার জয়কে স্বাগত জানান। তিনি তার নিরাপত্তা ও মাদকবিরোধী কঠোর অবস্থানের প্রশংসা করেন। আন্তর্জাতিক পর্যায়েও কয়েকজন ডানপন্থি নেতা এই ফলকে রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।
ডি লা এসপ্রিয়েলা পেশায় আইনজীবী ও ব্যবসায়ী। রাজনীতিতে এটি তার প্রথম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। তার কঠোর নিরাপত্তা নীতি ও জনতাবাদী অবস্থান নিয়ে ইতোমধ্যে তাকে বিভিন্ন মহলে নায়িব বুকেলের সঙ্গে তুলনা করা হচ্ছে।