সরিষাবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার: সমালোচনার ঝড়
জামালপুরের সরিষাবাড়ীতে ২৩ জুন নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। স্থানীয়রা রবিবার ভোরে এসব পোস্টার দেখতে পান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলেও পুলিশ প্রশাসন পর্যন্ত বিষয়টি জানতে পারেনি।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আগামী ২৩ জুন নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে সংগঠনটির পোস্টার দেখা গেছে উপজেলার বিভিন্ন স্থানে। রবিবার (২১ জুন) ভোর থেকে স্থানীয়দের নজরে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলেও বিকেল পর্যন্ত কিছুই জানে না আইনশৃঙ্খলা বাহিনী।
খোঁজ নিয়ে দেখা গেছে, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল, সরিষাবাড়ী অনার্স কলেজের তোরণ সংলগ্ন দেয়াল, সরিষাবাড়ি সরকারি কলেজ, মুক্তিযোদ্ধা সংসদের দেয়াল ও রেলওয়ে মোড়সহ বিভিন্ন স্থানে 'বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখা' লেখা এসব পোস্টার দেখা যায়। পৃথক দু'টি পোস্টারের একটিতে লেখা 'গৌরব ও সংগ্রামের ৭৭ বছর'।
২৩ জুন উল্লেখ করে নিচে লেখা হয়েছে 'মানুষের পাশে আমরা ছিলাম, আমরা আছি আমরাই থাকবো, লাখো শহীদের বাংলাদেশ, আমরাই ভাল রাখবো'। অন্যটিতে লেখা রয়েছে 'আওয়ামী লীগের নিষিদ্ধ প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তি চাই'। পোস্টারগুলো শেখ মুজিবুর রহমান ও পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সজিব ওয়াজেদ জয়, মির্জা আজম এবং কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের ছবি রয়েছে।
উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রাতের অন্ধকারে একযোগে এসব লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা পোস্টারগুলো লাগিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে সকাল থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলেও পুলিশ প্রশাসন কিছুই বলতে পারেনি।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে কল করা হলে 'কোথায় কোথায় এসব পোস্টার লাগানো হয়েছে 'মর্মে জানতে চান। এরপর তিনি বলেন, 'এটি আপনার কাছেই প্রথম শুনলাম।' পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন বলেন, 'বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি'।