শ্রমবাজার খুলতে মালয়েশিয়াকে আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার খুলে দেওয়ার এবং আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুরে গিয়েছিলেন। সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রায় দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী, পেশাজীবী ও উদ্যোক্তারা দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন। তাদের এই অবদান উভয় দেশের অর্থনীতি ও সমাজকে সমৃদ্ধ করছে। তিনি আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করতে এবং যত দ্রুত সম্ভব শ্রমবাজার খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আরও জানান, তিনি মালয়েশিয়ায় অনিয়মিত কর্মীদের নিয়মিত করা এবং আটক বাংলাদেশিদের সম্ভব হলে দেশে ফেরত পাঠানোর বিষয়টিও তুলে ধরেছেন। কর্মী নিয়োগ প্রক্রিয়া যেন স্বচ্ছ, সুষ্ঠু ও সাশ্রয়ী হয় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে খরচ কমানো যায় সে বিষয়ে দুই দেশ একমত হয়েছে। আলোচনায় তারা দ্বিপক্ষীয় সহযোগিতা, যৌথ কমিশন বৈঠক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর মধ্যে যোগাযোগ বাড়াতেও একমত হয়েছেন। দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) বিষয়ে আলোচনা এগিয়ে নিতেও দুই দেশ সম্মত হয়েছে। এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক।