সব সংবাদ
অন্যান্য

কক্সবাজার হাসপাতালে ইয়াবা পৌঁছে দিতে গিয়ে ধরা স্বামী-স্ত্রী, রোগী পালিয়ে গেল

কক্সবাজার ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে এক রোগীর কাছে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন এক স্বামী-স্ত্রী। পুলিশ তাদের কাছ থেকে ১৭ হাজার ইয়াবা উদ্ধার করেছে। অভিযানের খবর পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন সেই রোগী পালিয়ে যায়।

কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর কাছে মাদক পৌঁছে দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক স্বামী-স্ত্রী। রোববার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের এআরটি সেন্টার এলাকায় এ অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৯০ থেকে ১০০টি করে ট্যাবলেট ছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় হাসপাতালের সেই রোগী, যার কাছে মাদকের চালান পৌঁছানোর কথা ছিল। আটককৃতরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা আয়েশা আক্তার ও জাগির হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন জোবায়ের ওরফে ফরিদের কাছে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তারা এসেছিল। পুলিশ জানিয়েছে, জনসমাগমপূর্ণ সরকারি হাসপাতালকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার একটি সুপরিকল্পিত কৌশলের অংশ হিসেবে তারা ইয়াবার চালান নিয়ে এসেছিল। এ ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।