সব সংবাদ
আন্তর্জাতিক

কাতারের গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮

কাতারের রাস লাফফান শিল্পাঞ্চলে বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৫৪ জন আহত এবং কমপক্ষে ১৮ জন নিখোঁজ হয়েছেন। অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কাতারের শিল্পশহর রাস লফ্ফানের বারজান গ্যাস সাপ্লাই লিমিটেড নামের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এই বিস্ফোরণে ৫৪ জন আহত হয়েছেন এবং এখনও কমপক্ষে ১৮ জন নিখোঁজ রয়েছেন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি উভয়েই এই বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস এবং বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর উদ্ধারকর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছেন এবং নিখোঁজদের সন্ধানে তৎপরতা শুরু হয়েছে। কাতার বিশ্বের অন্যতম বৃহৎ তরল জ্বালানি গ্যাস বা এলএনজি উৎপাদন ও রপ্তানিকারী দেশ। রাজধানী দোহা থেকে ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফফান কাতারের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর, কারণ দেশটির অধিকাংশ এলএনজি প্রস্তুতকারী কারখানা এই শহরটিতে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে কারখানা ভবন থেকে বড় কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের জেরে সৃষ্ট আগুনের শিখা ২০ কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল এবং বিস্ফোরণের শব্দ রাজধানী দোহায়ও শোনা গেছে। জানা গেছে, কারখানার ভেতরে নতুন একটি প্ল্যান্ট নির্মাণের কাজ চলছিল এবং রোববার সেই কাজ শুরু হওয়ার পরপরই এই বিস্ফোরণ ঘটে।