যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ৬০ দিনের রোডম্যাপ ঘোষণা
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান উচ্চপর্যায়ের আলোচনায় পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ৬০ দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।
পাকিস্তান ও কাতারের যৌথ মধ্যস্থতায় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রতির কথা জানানো হয়েছে। এই বৈঠককে ইতিবাচক ও গঠনমূলক বলে উল্লেখ করা হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।
পূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে আলোচনা এগিয়ে নিতে উভয় পক্ষ আরও বিস্তৃত কারিগরি সংলাপের জন্য একটি নতুন কাঠামো গঠনে সম্মত হয়েছে। রাজনৈতিক পর্যায়ে পুরো প্রক্রিয়ার তদারকির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থা এবং বিরোধ নিষ্পত্তির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পৃথক পৃথক কর্মীদল কাজ করবে।
ভবিষ্যতে সম্ভাব্য ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি যোগাযোগ চ্যানেল চালুর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, আলোচনার অংশ হিসেবে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ওপর থাকা কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি অবরোধ তুলে নেওয়া, জব্দকৃত কিছু সম্পদ মুক্ত করা এবং ইরানের জন্য বড় ধরনের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালুর বিষয়েও অগ্রগতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।