সব সংবাদ
জাতীয়

মানিকগঞ্জে জেলা প্রশাসকের পরিদর্শন: দুই বছরের পুরোনো সড়ক খানাখন্দে ভরা, মেরামত কাজে গতি নেই

মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা সোমবার পৌরসভার বিভিন্ন স্থানে চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন। দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে হাই স্কুল রোড, সিআরপি হাসপাতাল রোডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই এসব সড়কে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। মেরামতের কাজ গত ৫/৬ মাস আগে শুরু হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই।

জনদুর্ভোগ নিরসন এবং নাগরিক সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা সোমবার (২২ জুন ২০২৬) সকালে মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। এসময় তিনি পৌর এলাকার উন্নয়নমূলক কাজ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার অবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চলমান কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক বলেন, নাগরিকদের ভোগান্তি কমাতে এবং পৌরসভার সেবার মান আরও উন্নত করতে সকল কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

উল্লেখ্য, দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে মানিকগঞ্জ পৌরসভার হাই স্কুল রোড, সিআরপি হাসপাতাল রোড, খান বাহাদুর উচ্চ বিদ্যালয় সড়ক, স্টেডিয়াম রোডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক খানাখন্দে ভরে রয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এসব সড়কের দ্রুত সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়ে আসছেন।

পৌরসভার এসব সড়ক মেরামতের কাজ গত ৫/৬ মাস আগে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান শুরু করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ রয়েছে। ফলে জনমনে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, ধীরগতির কাজ এবং তদারকির অভাবের কারণে জনগণের দুর্ভোগ আরও বেড়েছে।

এদিকে উন্নয়নকাজে গতি না থাকা এবং বিভিন্ন অবহেলার অভিযোগের প্রেক্ষিতে মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ খাঁন-কে ইতোমধ্যে স্ট্যান্ড রিলিজ (সংযুক্তিমুক্ত) করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন প্রশাসনিক ব্যবস্থাপনা ও কঠোর তদারকির মাধ্যমে চলমান উন্নয়নকাজে গতি ফিরবে এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন পৌরবাসী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান এবং মানিকগঞ্জ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।