মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আনোয়ার ইব্রাহিমের একান্ত বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠক করেছেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে গিয়ে সোমবার সকাল সাড়ে ৯টায় কুয়ালালামপুরের 'পেরদানা পুত্রা' ভবনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে বসেন। এর আগে তিনি পরিদর্শন বইয়ে সই করেন। একান্ত বৈঠকের পর দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়, যেখানে উভয় প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম উপস্থিত ছিলেন। আলোচনায় বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জন-যোগাযোগসহ বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠক শেষে আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন তারা। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। এ সময় মালয়েশিয়ার শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।