সব সংবাদ
স্বাস্থ্য

ঢাকায় ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, যোগ শুধুমাত্র আত্মাকে সংযুক্ত করার কৌশল নয়, এটি একটি সম্পূর্ণ জীবনধারা।

রোববার সকালে রাজধানীর বসুন্ধরায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। এই আয়োজনে যোগপ্রেমী, শিক্ষার্থী, ওয়েলনেস প্র্যাকটিশনার এবং বিশিষ্ট অতিথিরা অংশ নেন। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, পশ্চিমা দর্শন যেখানে কেবল শরীরকে নিয়ে কাজ করে, সেখানে প্রাচ্যের বা ভারতীয় দর্শন প্রথমে আত্মাকে পরিশুদ্ধ করে, যার ফলে মন ও শরীর স্বয়ংক্রিয়ভাবে সুস্থ হয়ে ওঠে। যোগাভ্যাস মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী একটি মাধ্যম বলে তিনি মত প্রকাশ করেন। এবারের প্রতিপাদ্য ছিল ‘যোগা ফর হেলদি এজিং’, যা জীবনের সব পর্যায়ে দীর্ঘায়ু, শারীরিক সক্ষমতা এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে যোগব্যায়ামের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে। অনুষ্ঠানে ‘কমন যোগা প্রটোকল’ (সিওয়াইপি) সেশন অন্যতম আকর্ষণ ছিল। আইজিসিসির যোগ প্রশিক্ষক শাহনাজ পারভীন এবং তার শিক্ষার্থীরা এ সেশন পরিচালনা করেন। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য যোগ প্রতিষ্ঠান যোগব্যায়াম প্রদর্শন করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল জয়সান যোগা, হু আর্ট অব যোগা, সেলফ হিলিং হাব, আর্ট অব লিভিং, এভারগ্রিন যোগা স্কুল, নটর ডেম যোগা অ্যান্ড মেডিটেশন ক্লাব, কোয়ান্টাম ফাউন্ডেশন এবং ব্রহ্মাকুমারীসের ‘দ্য একাডেমি অব এ বেটার ওয়ার্ল্ড’। এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ‘আয়ুর্বেদ লাউঞ্জ’, যেখানে স্বাস্থ্য ও সুস্থতার সামগ্রিক পদ্ধতি হিসেবে আয়ুর্বেদ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। মূল অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পরিচালিত বিস্তৃত সচেতনতামূলক কার্যক্রমের সমাপনী আয়োজন। গত ৬ মে অনুষ্ঠিত কার্টেন-রেইজার কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়। এরপর আইজিসিসি ও ভারতীয় হাইকমিশন, ঢাকা বিভিন্ন যোগ প্রতিষ্ঠান, গণমাধ্যম সংস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় সারা দেশে ৩৬টিরও বেশি যোগবিষয়ক প্রাক-অনুষ্ঠানের আয়োজন ও সহায়তা প্রদান করে।