হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আজ (২২ জুন) এই শুনানি অনুষ্ঠিত হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই মামলা বিবেচনা করবে। এর আগে গত ৪ জুন অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও এক আসামির অসুস্থতার কারণে তা পিছিয়ে যায়। এই মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি হলেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিমসহ আরও অনেকে। গত ৭ এপ্রিল ২২ জনের বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ও হৃদয় চন্দ্রকে হত্যার অভিযোগ রয়েছে। তৃতীয় অভিযোগে শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার কথা উল্লেখ করা হয়েছে।