মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনায় লাল গালিচায় বাংলাদেশের প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় প্রথম রাষ্ট্রীয় সফরে গেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। ২২ জুন ২০২৬ তারিখে স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় 'পেরদানা পুত্রা' ভবন প্রাঙ্গণে এই অভ্যর্থনা অনুষ্ঠিত হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে প্রথমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান। এরপর লাল গালিচায় তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন। এর আগে সকাল সাড়ে ৮টায় সাংগ্রিলা হোটেল থেকে মোটর শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান পুত্রজায়ার উদ্দেশে রওনা হন এবং সকাল ৯টায় পেরদানা পুত্রা ভবনে পৌঁছান। গতকাল রবিবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছান।