সব সংবাদ
শিক্ষা

শিক্ষামন্ত্রী আজ কোম্পানিগঞ্জ সফরে আসছেন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ ২২ জুন কোম্পানিগঞ্জ সফরে আসছেন। এটি তাঁর কোম্পানিগঞ্জে প্রথম সফর। সফরের প্রধান উদ্দেশ্য আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করা।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ সোমবার (২২ জুন ২০২৬) কোম্পানিগঞ্জ উপজেলা সফরে আসছেন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর কোম্পানিগঞ্জে এটিই তাঁর প্রথম সফর। এই সফরের মূল লক্ষ্য আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করা।

সফরসূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) '২০তম বিশ্ববিদ্যালয় দিবস' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী। দুপুর ২টায় নোবিপ্রবি অডিটরিয়ামে কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।

বিকাল ৫টায় শিক্ষামন্ত্রী সড়কপথে কোম্পানিগঞ্জ উপজেলার মানিকপুরে এসে পৌঁছাবেন। সেখানে তিনি বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদের মাজার জিয়ারত করবেন এবং বিশেষ মোনাজাত ও দোয়ায় অংশ নেবেন।

সফর শেষে সন্ধ্যা ৬টায় তিনি সড়কপথে চট্টগ্রামের উদ্দেশ্যে নোয়াখালী ত্যাগ করবেন।

এই সফর উপলক্ষে কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মন্ত্রীর সাথে তাঁর একান্ত সচিব জি.এম. ফারহান ইসতিয়াকসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন।