ট্রাম্পের পোস্টে জোরালো গুঞ্জন: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ করতে যাচ্ছেন?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করতে যাচ্ছেন। ট্রাম্গ অভিবাসন ও জ্বালানি নীতিতে স্টারমারের ব্যর্থতারও অভিযোগ করেছেন। ব্রিটিশ গণমাধ্যমে জোর গুঞ্জন চলছে যে আগামী কয়েক দিনের মধ্যে পদত্যাগের ঘোষণা আসতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্ট করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সম্ভাব্য পদত্যাগ নিয়ে মন্তব্য করেছেন। রোববার (২১ জুন) দেওয়া ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, স্টারমার পদত্যাগ করতে যাচ্ছেন এবং তিনি তার মঙ্গল কামনা করেন। তবে ট্রাম্প তার এ দাবির পক্ষে কোনো প্রমাণ বা সূত্র উল্লেখ করেননি।
এদিকে ব্রিটিশ গণমাধ্যমে জোর গুঞ্জন চলছে যে, রাজনৈতিক চাপের মুখে থাকা লেবার পার্টির নেতা স্টারমার আগামী কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন। তবে সরকারের একটি সূত্র জানিয়েছে, স্টারমার এখনো দেশ পরিচালনার কাজেই মনোযোগী আছেন।
ট্রাম্প তার পোস্টে আরও অভিযোগ করেন, অভিবাসন ও জ্বালানি নীতিতে স্টারমার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এর আগে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইল নীতির প্রতি সমর্থন না দেওয়ায় স্টারমারের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য অবজারভার'-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী স্টারমার আগামী সোমবারের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিতে পারেন। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।