ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তি পর্যালোচনা শুরু
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, ভারতের সঙ্গে বিদ্যমান আন্ত:সীমান্ত পানি বণ্টন চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে। আন্তঃসীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর।
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ভারতের সঙ্গে বিদ্যমান আন্ত:সীমান্ত পানি বণ্টনসংক্রান্ত চুক্তি ও সমঝোতাগুলো পর্যালোচনা করা হচ্ছে। আন্তঃসীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকারের নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ লক্ষ্যে বিদ্যমান চুক্তি ও সমঝোতাগুলো পর্যালোচনা করে নতুন চুক্তি সম্পাদন, যৌথ নদী কমিশন (জেআরসি) বাংলাদেশকে আরও শক্তিশালী করা এবং অববাহিকাভুক্ত দেশ ভারত, নেপাল, ভুটান ও চীনের সমন্বয়ে সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, উজানের দেশগুলোতে আন্তঃসীমান্ত নদীর ওপর বিভিন্ন অবকাঠামো নির্মাণের ফলে শুকনো মৌসুমে বাংলাদেশে পানি প্রবাহ হ্রাস পাওয়ার বিষয়টি অসত্য নয়। পাশাপাশি প্রাকৃতিক কারণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবেও উজানে পানির প্রাপ্যতা দিন দিন কমে যাচ্ছে।