ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস দুঙ্গার সঙ্গে সাক্ষাৎ
আমেরিকায় অনুষ্ঠিত ১৯৯৪ ফিফা বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করানো অধিনায়ক কার্লোস দুঙ্গার সঙ্গে মিডিয়া ট্রিবিউনে সাক্ষাৎ হয়েছে। ৬২ বছর বয়সী এই সাবেক তারকা ফুটবলার এখন ব্রাজিলের একটি টেলিভিশন স্পোর্টস চ্যানেলের বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।
ম্যাচ শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট বাকি থাকতে মিডিয়া ট্রিবিউনে প্রবেশ করতে তাড়াহুড়ো করছিলেন সাংবাদিকরা। নিরাপত্তা অফিসার অ্যাক্রিডিটেশন পরীক্ষা করছিলেন। এমন সময় হঠাৎ চোখ পড়ল ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস দুঙ্গার দিকে। বাংলাদেশি সাংবাদিক পরিচয় দিতেই তিনি হাত বাড়িয়ে দিলেন। নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে ট্রিবিউনে বসার জায়গা করে দিতে তাড়া দিচ্ছিলেন। অন্য দেশের সাংবাদিকরাও ছবি তুলতে ভিড় জমালেন।
১৯৯৪ সালে আমেরিকায় প্রথমবারের মতো বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই আসরে ব্রাজিলের অধিনায়ক হয়ে ট্রফি উচিয়ে ধরেছিলেন কার্লোস দুঙ্গা। এই আসরটি তার কাছে বিশেষ বলে জানালেন, 'ইউএসএ বিশ্বকাপ আমার কাছে স্পেশাল।'
দুঙ্গা ব্রাজিলের অন্যতম সফল ফুটবলারদের একজন, যিনি বিশ্বকাপ, অলিম্পিক ও মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং শুরু করেন। একাধিকবার ব্রাজিল জাতীয় দলের কোচ হয়েছেন। ২০১০ বিশ্বকাপে তার অধীনে ব্রাজিল খেলেছিল। ২০০৬ সালে দায়িত্ব নেওয়ার পর তিনি ব্রাজিলের খেলায় রক্ষণশীল ধরন আনেন।
ব্রাজিলের ফুটবলের অনেক কিছুর সাক্ষী দুঙ্গা। কৌতূহলবশত কিছু জিজ্ঞেস করলে তিনি বিনয়ীভাবে বলেন, 'আমি এখানে ব্রাজিলের একটি মিডিয়ার হয়ে কাজ করছি।' তিনি ব্রাজিলের টেলিভিশন স্পোর্টস চ্যানেলের বিশেষজ্ঞ হিসেবে আমেরিকায় এসেছেন।
খেলা ছেড়েছেন প্রায় তিন দশক আগে। কোচিংয়েও নেই এক দশকের বেশি। এরপরও ৬২ বছর বয়সী দুঙ্গার জনপ্রিয়তা অক্ষুণ্ণ। ভক্ত ও সমর্থকদের আবদার মেটাতে তিনি হাসিমুখে সময় দেন।