ইউবিসফ্টের সহ-প্রতিষ্ঠাতা ক্লদ গিয়েমোর মারা গেছেন বিমান দুর্ঘটনায়
ফরাসি ভিডিও গেম কোম্পানি ইউবিসফ্টের সহ-প্রতিষ্ঠাতা ক্লদ গিয়েমো (৬৯) ফ্রান্সের রিসোর্ট শহর লা বাউলে বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তিনি তাঁর চার ভাইয়ের সাথে মিলে ১৯৮৬ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন।
ইউবিসফ্টের সহ-প্রতিষ্ঠাতা ক্লদ গিয়েমো শুক্রবার ফ্রান্সের জনপ্রিয় রিসোর্ট শহর লা বাউলে একটি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তিনি বয়সে ৬৯ বছর ছিলেন। ফরাসি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ব্লুমবার্গ এই তথ্য জানিয়েছে। দুর্ঘটনায় আরো একজন মারা গেছেন এবং মোট দুইজন যাত্রী ছিলেন। ক্লদ গিয়েমো তাঁর চার ভাইয়ের সাথে মিলে ১৯৮৬ সালে ইউবিসফ্ট প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে কোম্পানিটি অ্যাসাসিনস ক্রিড, ফার ক্রাই, প্রিন্স অব পার্সিয়া এবং টম ক্ল্যান্সির মতো বিখ্যাত ভিডিও গেম সিরিজ প্রকাশ করেছে। গিয়েমো পরিবার এখনো কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্লদের ভাই ইভ এখনো সিইও হিসেবে কাজ করছেন। ক্লদ গিয়েমো গিয়েমো কর্পোরেশনেরও চেয়ারম্যান ছিলেন, যেটি গেমিং এবং অডিও অ্যাক্সেসারি তৈরি করে। ইউবিসফ্ট এক বিবৃতিতে বলেছে, কোম্পানি ক্লদ গিয়েমোর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।