সঙ্গীত দিবসে সুরের মূর্ছনা ছড়িয়ে দেওয়ার আহ্বান
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দুই দিনের সঙ্গীত দিবস উৎসবের প্রথম দিন উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রীসহ বিশিষ্ট শিল্পীরা সঙ্গীতের মাধ্যমে সুরের মূর্ছনা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সঙ্গীত দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রোববার (২১ জুন ২০২৬) সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠানের প্রথম দিন আয়োজন করে। এই অনুষ্ঠানে দেশের ও দেশের বাইরের বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা পরিবেশনা করেন এবং অতিথিরা আলোচনা করেন। অনুষ্ঠানে শোভাযাত্রা, ঢাক-ঢোল বাদন ও অর্কেস্ট্রা পরিবেশনার মাধ্যমে আয়োজন শুরু হয়। আলোচনা পর্বে প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, মানুষের সমগ্র সত্ত্বার সঙ্গে মিশে থাকে সঙ্গীতের সুরের মূর্ছনা। আনন্দে, আন্দোলনে, বিপ্লবে, শোকে গান সঙ্গ দেয়। দেশের সঙ্গীত বহমান নদীর মতো অবিরাম বয়ে যাবে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান বলেন, সঙ্গীত মানুষের আত্মার সঙ্গে সম্পর্কিত। তাই দেশের মৌলিক গান তথা দেশীয় সংস্কৃতি বেশি করে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, যখন আপনার পাশে কেউ থাকবে না, তখন গান থাকবে। গানের ভাষা বহুমাত্রিক এবং আন্তর্জাতিক। সুতরাং প্রয়োজনেই গানকে গ্রহণ করতে হবে এবং গানের বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। সাংস্কৃতিক পর্বে দেশের শিল্পী আগুন, ফাহমিদা নবী, মিতা খন্দকার, অনিমা রায়, পিয়াল হাসান, আলিফ আলাউদ্দিন, সাব্বির জামান এবং চীন ও জাপান দূতাবাসের আমন্ত্রিত শিল্পীরা পরিবেশনা করেন। আজ সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে সঙ্গীত দিবসের দ্বিতীয় দিনের আয়োজন হবে।