সব সংবাদ
খেলা

স্পেনের দাপটে ৪-০ ব্যবধানে জয়, গ্রুপ এইচে শীর্ষে স্প্যানিশরা

বিশ্বকাপের গ্রুপ এইচে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরল স্পেন। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তরুণ তারকা লামিনে ইয়ামাল ও মিকেল ওয়ারজাবালের গোলে এগিয়ে থাকে স্প্যানিশরা। এই জয়ে তারা গ্রুপ টেবিলের শীর্ষে উঠেছে।

বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে দাপটের সাথে জয়লাই করল স্পেন। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্প্যানিশরা ৪-০ গোলে সৌদি আরবকে হারিয়ে দিয়েছে।

প্রথম ম্যাচে নবাগত কেপ ভার্দের কাছে গোলশূন্য ড্রয়ের হতাশা কাটিয়ে আজ যেন নিজেদের চেনা ছন্দে ফিরল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। হামস্ট্রিং ইনজুরি কাটিয়ে আজ শুরুর একাদশে ফিরেই তরুণ বিস্ময় বালক লামিনে ইয়ামাল আক্রমণের ধার বাড়িয়ে দেন।

ম্যাচের দশম মিনিটে মিকেল ওয়ারজাবালের ক্রস থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে স্পেনকে প্রথম লিড এনে দেন ইয়ামাল। এরপর ওয়ারজাবাল নিজেই ঝড় তোলেন। ম্যাচের ২১ এবং ২৪ মিনিটে মাত্র ৩ মিনিটের ব্যবধানে পর পর দুটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন রিয়াল সোসিয়েদাদের এই ফরোয়ার্ড। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের পকেটে পুরে নেয় স্পেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৯ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার শট ক্লিয়ার করতে গিয়ে সৌদি ডিফেন্ডার হাসান আল-তামবাক্তি নিজেদের জালেই বল জড়িয়ে দেন। এই আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০।

এরপর বেশ কিছুক্ষণ নিজেদের জাল অক্ষত রাখে সৌদি আরব। যোগ করা সময়ে স্পেন আরেকটি গোল করেছিল, কিন্তু ভিএআরের মাধ্যমে সেই গোলটি বাতি করেন রেফারি। ফলে ৪-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশরা।

দুই ম্যাচে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে অবস্থান স্পেনের। গ্রুপের অন্য তিন দলের পয়েন্ট সমান ১।