ইসি সচিব: ভোটের তফসিল ঘোষণা হলেই রোডম্যাপ চূড়ান্ত হবে
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের পরই পূর্ণাঙ্গ অ্যাকশন প্ল্যান ও রোডম্যাপ চূড়ান্ত করা হবে। প্রস্তুতির জন্য ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও প্রশিক্ষণ প্রয়োজন বলে তিনি জানান।
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, একটি নির্বাচন করতে গেলে যে সব উপাত্ত লাগে, নির্বাচন কমিশনের কাছে তা আছে। ভোটার তালিকা, ভোটকেন্দ্র, নির্বাচনি সামগ্রী এবং প্রার্থীদের তথ্য রয়েছে। তবে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, যা নির্বাচনের শিডিউলিংয়ের সঙ্গে সম্পর্কিত। তফসিল ঘোষণা হলে পর্যায়ক্রমে এই প্রশিক্ষণগুলো করা যাবে। প্রথমে কিছু মাস্টার ট্রেনিং করানো হবে, তারপর মাস্টার ট্রেনাররা বিভিন্ন পর্যায়ে গিয়ে ট্রেনিং করাবেন। সেপ্টেম্বর-অক্টোবরে নির্বাচন করার মতো প্রস্তুতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, একটি নির্বাচন করতে ন্যূনতম ৪৫ দিনের শিডিউলিং প্রয়োজন হয়। এই ৪৫ দিনের সময়সীমা ধরে সেপ্টেম্বর বা অক্টোবরে কাজ এগিয়ে নেওয়া যাবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও অধিকাংশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগের এবং তারা নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, প্রার্থীর রাজনৈতিক পরিচয়কে তিনি মূল বিষয় হিসেবে দেখেন না, প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতাই আইন দ্বারা নির্ধারিত।