সব সংবাদ
জাতীয়

জুলাই হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন প্রত্যাখ্যাত

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন আবেদন নাকচ করেছে আদালত। এর আগে সিএমএম আদালতও তার জামিন নামঞ্জুর করেছিল।

২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ী ওভারব্রিজের নিচে শান্তিপূর্ণভাবে অবস্থানকালে পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্যরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এতে খোবাইব (২০) ঘটনাস্থলে নিহত হন। এই হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আসামি করা হয়েছে। গত ২১ জুন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ সপ্তম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পি তার জামিন আবেদন নামঞ্জুর করেন। আইনজীবী মোনায়েম নবী শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৭ মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন, সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতার না করতে। পৃথক পাঁচ মামলায় জামিন পাওয়ার পর গত ৩০ মার্চ যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।