সব সংবাদ
আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর: প্রবাসীদের উদ্দেশ্যে দেশের জন্য চিন্তা করার আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সফরে মালয়েশিয়ার কুয়ালা লামপুরে পৌঁছেছেন। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আহ্বান জানিয়েছেন, প্রবাসীরা যেন নিজেদের দাবি-দাওয়া থেকে বেরিয়ে এসে দেশের জন্য কী করতে পারেন, সেই চিন্তা করেন।

রোববার রাত পৌনে ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে পৌঁছান। কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী জুবাইদা রহমানকে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

বিমানবন্দর থেকে রাত সাড়ে ৯টায় সরকারপ্রধানকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালা লামপুরের সাংরি লা হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি ও তার সফরসঙ্গীরা থাকবেন।

পরে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যান প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তার সহধর্মিনী জুবাইদা রহমান। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমাদের কি দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে আসুন। আমরা চিন্তা করি, আমাদের কি কর্তব্য আছে দেশের প্রতি। তিনি আরও বলেন, দেশ আমাদের সবার। আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করে ধীরে ধীরে এগোতে হবে।

এদিন তারেক রহমান গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসনে দেশের কী অবস্থা হয়েছিল, তা তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিদের কাছে। তিনি বলেন, দেশ থেকে কেউ একজন, একটি গোষ্ঠী দেশ থেকে নিতে নিতে দেশটিকে একদম শেষ করে দিয়েছে। কিছু করার ছিল না, আমরা চেষ্টা করেছি, বুকের রক্ত দিয়ে মানুষ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে।

দেশ গঠনে নিজের চিন্তা ও পরিকল্পনাগুলো প্রবাসীদের কাছে তুলে ধরেন তারেক রহমান। বিএনপির নির্বাচনি অঙ্গীকার, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে একটি অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তবে এখানে একটি বিরাট তবে আছে। তবে হচ্ছে যে, আমাদেরকে এর জন্য পরিশ্রম করতে হবে, আমাদেরকে এর জন্য কষ্ট করতে হবে এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে আমাদেরকে এর জন্য ধৈর্য ধারণ করতে হবে।

মালয়েশিয়ার নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, প্রবাসীদের কী কী অসুবিধা আছে সেগুলো নিয়ে কথা বলবেন তারা। তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন।

সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসবেন তারেক রহমান। পরে নিজ নিজ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকে নেতৃত্ব দেবেন তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনের চারপাশে বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়ছে।